মাসুম খলিলী
মাসুম খলিলী। নয়া দিগন্ত

বাংলাদেশের অর্থনীতির প্রকৃত আকার ও প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও সংশয় এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। প্রশ্ন শুধু জিডিপির প্রবৃদ্ধির হার বেশি বা কম দেখানো হয়েছিল কি না, তা নয়, বরং অর্থনীতির আকার, উৎপাদন, আয়, বিনিয়োগ, ভোগ, কর্মসংস্থান ও খাতভিত্তিক অবদানের যে পরিসংখ্যান দিয়ে এতদিন রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করা হয়েছে, সেগুলোর ভিত্তি কতটা নির্ভরযোগ্য— সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। 
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জুনায়েদ আব্দুর রহিম সাকির সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি নতুন গুরুত্ব ও আনুষ্ঠানিক মাত্রা পেয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, বিগত সরকারের সময়কার জিডিপির হিসাব পর্যালোচনায় ফরেনসিক অডিটে বেশ কিছু উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে। পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য শুরুতেই পরিষ্কার করা প্রয়োজন : হিসাবের অসঙ্গতি পাওয়া এবং জিডিপি ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখানোর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া এক নয়। ফরেনসিক অডিটের পূর্ণ প্রতিবেদন, ব্যবহৃত পদ্ধতি, সংশোধিত হিসাব এবং তথ্যের উৎসগুলো জনসমক্ষে প্রকাশ না হওয়া পর্যন্ত অনিয়মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবু অর্থনৈতিক ও পরিসংখ্যানগত দৃষ্টিকোণ থেকে বিষয়টির চুলচেরা বিশ্লেষণ জরুরি।

Advertisement

জিডিপির হিসাব কিভাবে তৈরি হয়
জিডিপি বা মোট দেশজ উৎপাদন হলো একটি নির্দিষ্ট সময়ে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজারমূল্য। বাংলাদেশে এই হিসাব তৈরির মূল দায়িত্ব পালন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এটি কেবল বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের খাতা দেখে তৈরি হয় না। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, ব্যবসা, আর্থিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা, সরকারি সেবা, আবাসন, ক্ষুদ্র ব্যবসা এবং অনানুষ্ঠানিক অর্থনীতিসহ অর্থনীতির অজস্র খাতের তথ্য এর সাথে জড়িত।
আন্তর্জাতিকভাবে জিডিপি হিসাবের মূলত তিনটি স্বীকৃত পদ্ধতি রয়েছে:
উৎপাদন পদ্ধতি : কোনো খাতে মোট উৎপাদন থেকে মধ্যবর্তী উপকরণের মূল্য বাদ দিয়ে সংযোজিত মূল্য  নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপ, কোনো পোশাক কারখানা ১০০ কোটি টাকার পোশাক তৈরি করতে যদি ৬০ কোটি টাকার কাপড়, সুতা, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় করে, তবে ওই কারখানার সংযোজিত মূল্য হবে ৪০ কোটি টাকা। সব খাতের সংযোজিত মূল্য যোগ করে পণ্যের ওপর কর যোগ এবং ভর্তুকি বাদ দিয়ে জিডিপি নির্ণয় করা হয়। এখানে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেখানো হলে বা মধ্যবর্তী ব্যয়ের হিসাব কম দেখানো হলে জিডিপির অবাস্তব বৃদ্ধি ঘটে।
ব্যয় পদ্ধতি : এই পদ্ধতিতে দেশের অর্থনীতিতে চূড়ান্ত ব্যয়ের হিসাব করা হয়। সমীকরণটি হলো : GDP = C + I + G + (X - M)। এখানে C হলো ব্যক্তিগত ভোগব্যয়, I হলো বিনিয়োগ, G  হলো সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়, এবং (X - M) হলো নিট রফতানি। বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি বিনিয়োগের প্রকৃত চিত্র, সরকারি উন্নয়ন ব্যয়ের উৎপাদনশীল প্রভাব, আমদানি-রফতানির সঠিক মূল্যায়ন এবং পরিবারের ভোগব্যয়ের পরিসংখ্যান অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করা প্রয়োজন।
আয় পদ্ধতি : উৎপাদনের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন আয়— যেমন শ্রমিকদের মজুরি, পরিচালন উদ্বৃত্ত, মুনাফা এবং স্বনিয়োজিত মানুষের মিশ্র আয়— যোগ করে জিডিপি নির্ণয় করা হয়। তাত্ত্বিকভাবে তিনটি পদ্ধতিতেই একই ফলাফল আসার কথা থাকলেও বাস্তব তথ্যের ব্যবধানে কিছু পরিসংখ্যানগত ব্যবধান থেকেই যায়।

বাংলাদেশের জিডিপির হিসাবে কোথায় গরমিল হতে পারে
অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এখনো সুনির্দিষ্ট করে জানাননি কোন খাতে ঠিক কী পরিমাণ গরমিল রয়েছে। তাই নিচের ক্ষেত্রগুলোকে প্রমাণিত অনিয়ম হিসেবে নয়, বরং ফরেনসিক তদন্তের প্রধান ক্ষেত্র হিসেবে দেখা যেতে পারে :
শিল্প উৎপাদনের অতিমূল্যায়ন : শিল্পকারখানার প্রকৃত উৎপাদন ক্ষমতা, ক্যাপাসিটি ইউটিলাইজেশন এবং উৎপাদন ব্যয়ের সাথে সরকারি পরিসংখ্যানের মিল ছিল কি না, তা যাচাই করা।
অনানুষ্ঠানিক অর্থনীতির হিসাব : দেশের অর্থনীতির একটি বড় অংশ অনানুষ্ঠানিক। হকার, ক্ষুদ্র ব্যবসা, গৃহভিত্তিক উৎপাদন এবং অপ্রাতিষ্ঠানিক সেবার হিসাবে অতিরিক্ত অনুমাননির্ভর পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না।
নির্মাণ ও বিনিয়োগ খাত : প্রকল্পের বরাদ্দ এবং অর্থছাড়কে প্রকৃত নির্মাণকাজ বা সম্পদ সৃষ্টির সমতুল্য ধরে নেয়া হয়েছে কি না।
কৃষি উৎপাদন ও মূল্যায়ন : ফসলের উৎপাদন, আবাদি জমি ও বাজারমূল্যের তথ্যের ধারাবাহিকতা।
আমদানি-রফতানি ও বৈদেশিক বাণিজ্য : কাস্টমস, বাংলাদেশ ব্যাংক ও বিবিএসের তথ্যের মধ্যকার সমন্বয়হীনতা।
আবাসন ও ভাড়ার হিসাব : অনুমিত বাড়িভাড়ার  মূল্যায়ন সঠিক ছিল কি না।

নৌযানের সংখ্যার গরমিল : একটি প্রশাসনিক রূপক
এই বিতর্কের মাঝে অর্থনীতিতে তথ্যগত ভুলের গভীরতা বোঝাতে একটি তথ্য বিশেষভাবে আলোচিত হয়েছে। সংবাদে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের একটি বক্তব্যে উঠে এসেছে যে, পূর্বে দেশে নৌযানের সংখ্যা দেখানো হয়েছিল ১৩ হাজার। অথচ পরবর্তী পর্যালোচনায় প্রকৃত সংখ্যা পাওয়া গেছে দুই লাখ ৬৭ হাজার!
অর্থাৎ আগের হিসাবের তুলনায় নতুন সংখ্যাটি প্রায় ২০.৫ গুণ বেশি। যদিও এটি নৌপরিবহন খাতের জিডিপির সরাসরি ২০ গুণ বৃদ্ধি নির্দেশ করে না (কারণ নৌযানের সংখ্যা, ব্যবহার, বহনক্ষমতা ও সংযোজিত মূল্য ভিন্ন বিষয়), তবুও এটি আমাদের প্রশাসনিক তথ্যভাণ্ডারের দুর্বলতার একটি বড় প্রমাণ। প্রশ্ন জাগে, আগের ১৩ হাজার সংখ্যাটি কোন প্রশাসনিক রেজিস্ট্রার থেকে নেয়া হয়েছিল এবং এতবড় ব্যবধান কি তথ্য সংগ্রহের চরম দুর্বলতা, নাকি যুগ যুগ ধরে তথ্য হালনাগাদ না করার ফল?

ভিত্তিবছর ও মূল্যসূচক : জিডিপি হিসাবের কারিগরি মারপ্যাঁচ
জিডিপি সাধারণত চলতি বাজারমূল্যে এবং স্থির বা ধ্রুবমূল্যে প্রকাশিত হয়। মূল্যস্ফীতির প্রভাব বাদ না দিলে প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি মাপা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে যদি চলতি মূল্যে জিডিপি ২৬ শতাংশ বাড়ে, অথচ প্রকৃত উৎপাদন বাড়ে মাত্র ৫ শতাংশ, তবে মূল্যস্ফীতির হিসাব আলাদা করতে হবে।
অর্থনীতির কাঠামো পরিবর্তনের সাথে সাথে নিয়মিত ভিত্তিবছর হালনাগাদ করা জরুরি। কিন্তু নতুন ভিত্তিবছর নির্ধারণের সময় যদি যথাযথ জরিপ ও খাতভিত্তিক ওজন ব্যবহার না করা হয়, তবে ভুল চিরস্থায়ী হয়ে যায়। অডিটে দেখতে হবে অতীতে ডিফ্লেটর বা মূল্যসূচক নির্ধারণের ক্ষেত্রে কোনো কারসাজি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না।

জিডিপি বেশি দেখানো হলে রাষ্ট্রের কী ক্ষতি
জিডিপির পরিসংখ্যান বাস্তবতার চেয়ে বেশি দেখানো হলে তার প্রভাব কেবল অর্থনীতির আকার নির্ধারণে সীমাবদ্ধ থাকে না; রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, সামাজিক ন্যায়বিচার ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।
প্রথমত, ঋণ-জিডিপি অনুপাত কৃত্রিমভাবে কমে যায়। ফলে প্রকৃত অর্থনৈতিক সক্ষমতার তুলনায় ঋণের বোঝা কম মনে হয়। এতে সরকার ঋণ গ্রহণের ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হতে পারে এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ সঙ্কট তৈরি করতে পারে।
দ্বিতীয়ত, কর-জিডিপি অনুপাত বাস্তবতার চেয়ে দুর্বল দেখায়। এতে কর আহরণের সক্ষমতা, কর ফাঁকির মাত্রা এবং রাজস্ব সংস্কারের প্রয়োজনীয়তা নির্ধারণে বিভ্রান্তি সৃষ্টি হয়।
তৃতীয়ত, মাথাপিছু আয় ও জীবনমানের চিত্র বিকৃত হয়। কাগজে আয় বাড়লেও সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা, আয়বৈষম্য ও জীবনযাত্রার সঙ্কট আড়ালে থেকে যায়।
চতুর্থত, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান নীতি ভুল ভিত্তির ওপর দাঁড়ায়। ফলে শ্রমবাজার, সামাজিক সুরক্ষা ও সম্পদ বণ্টনের পরিকল্পনা কার্যকারিতা হারায়।
পঞ্চমত, আন্তর্জাতিক আস্থা ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বব্যাংক, আইএমএফ, ঋণদাতা ও আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর কাছে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও ঋণ পরিশোধের ঝুঁকি মূল্যায়নে অনিশ্চয়তা বাড়ে।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, ভুল পরিসংখ্যানের ভিত্তিতে রাষ্ট্র দীর্ঘদিন ভুল নীতি গ্রহণ করতে পারে। অর্থাৎ জিডিপির স্ফীতি শুধু হিসাবের কারসাজি নয়; প্রমাণিত হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুশাসনের জন্যও গুরুতর হুমকি।

জিডিপির গরমিল : ভুল নাকি ইচ্ছাকৃত বিকৃতি
জিডিপির হিসাবে গরমিলের বিষয়টি নিছক পরিসংখ্যানগত ভুল, নাকি এর পেছনে রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কিংবা ইচ্ছাকৃত তথ্য বিকৃতির চেষ্টা— তা নির্ধারণে চারটি বিষয় খতিয়ে দেখা জরুরি। প্রথমত, তথ্য সংগ্রহের দুর্বলতা— অর্থনীতির বড় অংশের অনানুষ্ঠানিক কর্মকাণ্ড, উৎপাদন ও বিনিয়োগের প্রকৃত চিত্র যথাযথভাবে হিসাবের বাইরে থেকে গেছে কি না। দ্বিতীয়ত, পদ্ধতিগত ভুল— জিডিপি গণনার ভিত্তিবছর, মূল্যসূচক, নমুনা নির্বাচন কিংবা হিসাবের পদ্ধতিতে অসঙ্গতি ছিল কি না। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক পক্ষপাত— রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির চেয়ে প্রবৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরার প্রবণতা কাজ করেছে কি না। চতুর্থত, ইচ্ছাকৃত তথ্য বিকৃতি—সুনির্দিষ্টভাবে প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো কিংবা অর্থনীতির দুর্বলতা আড়াল করতে উপাত্ত পরিবর্তন করা হয়েছে কি না।
মনে রাখতে হবে, পরিসংখ্যানগত ভুল আর জালিয়াতি এক বিষয় নয়। তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা বা সাফল্যের কৃত্রিম চিত্র নির্মাণে তথ্য বিকৃতির প্রমাণ মিললে তা আর সাধারণ ভুল থাকে না; রূপ নেয় রাষ্ট্রীয় জবাবদিহি ও অর্থনৈতিক সুশাসনের গুরুতর সঙ্কটে। তাই প্রয়োজন স্বাধীন নিরীক্ষা, উপাত্ত প্রকাশ এবং দায় নির্ধারণ।

ফরেনসিক অডিট : সাতটি বিষয়ে স্বচ্ছতা জরুরি
সরকারের উদ্যোগে জিডিপির হিসাব নিয়ে ফরেনসিক অডিট হলে তা যেন কেবল ভুল শনাক্তকরণ কিংবা পরিসংখ্যান সংশোধনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। বরং দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র, অতীতের হিসাবের বিশ্বাসযোগ্যতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়দায়িত্ব নির্ধারণই হতে হবে এর প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে অন্তত সাতটি বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসা জরুরি।
প্রথমত, দেশের জিডিপির প্রকৃত আকার কত। বিদ্যমান হিসাবের সাথে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবধান কোথায়, তা নিরূপণ করতে হবে। দ্বিতীয়ত, ঘোষিত প্রবৃদ্ধির সাথে প্রকৃত প্রবৃদ্ধির পার্থক্য কত এবং কোন সময়ে তা সবচেয়ে বেশি হয়েছে, তা চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, কৃষি, শিল্প, সেবা, নির্মাণ ও উৎপাদন খাতের উপাত্তে কোথায় অসঙ্গতি রয়েছে, তা বিশ্লেষণ করতে হবে।
চতুর্থত, বেসরকারি ও সরকারি বিনিয়োগের হিসাব কতটা নির্ভরযোগ্য, বিশেষ করে প্রকৃত বিনিয়োগের বিপরীতে কাগুজে বিনিয়োগের কোনো প্রতিফলন রয়েছে কি না, তা যাচাই করতে হবে। পঞ্চমত, মূল্যস্ফীতি ও মূল্যসূচক নির্ধারণের পদ্ধতি সঠিক ছিল কি না, তা পরীক্ষা করা জরুরি। ষষ্ঠত, তথ্য সংগ্রহ, যাচাই, অনুমোদন ও প্রকাশের প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সপ্তমত, বিগত ১০-১৫ বছরের জিডিপি ও প্রবৃদ্ধির একটি সংশোধিত, ধারাবাহিক এবং তুলনাযোগ্য তথ্য প্রকাশ করতে হবে। এই অডিটের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে। কারণ অর্থনীতির প্রকৃত চিত্র জানা জনগণের অধিকার; বিশ্বাসযোগ্য পরিসংখ্যান ছাড়া পরিকল্পনা, বিনিয়োগ ও অর্থনৈতিক নীতিনির্ধারণ কোনোটিই নির্ভরযোগ্য হতে পারে না।
আন্তর্জাতিক মানদণ্ড যেমন- আইএমএফের জিএফএস (সরকারি অর্থ বিষয়ক পরিসংখ্যান), ডিকিউএএফ (উপাত্তের গুণমান মূল্যায়ন কাঠামো) এবং এসডিডিএস (উপাত্ত প্রচারের বিশেষ মানদণ্ড) কাঠামো অনুসরণ করে এই পরিসংখ্যানগত সংস্কার এখন সময়ের দাবি। বাংলাদেশের জিডিপির হিসাব নিয়ে প্রস্তাবিত ফরেনসিক অডিটে এগুলো গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে।
বাংলাদেশের জিডিপি নিরীক্ষায় এই তিনটির পাশাপাশি জাতীয় হিসাবের আন্তর্জাতিক মান এসএনএ (জাতীয় হিসাব ব্যবস্থা) অনুসরণ করা জরুরি। মনে রাখতে হবে, এসব মানদণ্ড অনুসরণ করলেই কারসাজি প্রমাণিত হয় না; তা প্রমাণে প্রয়োজন মূল উপাত্ত, হিসাবের নথি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার স্বাধীন অনুসন্ধান।

শেষ কথা
বাংলাদেশের জিডিপির এই ফরেনসিক অডিটকে কেবল একটি পরিসংখ্যানগত সংশোধনের উদ্যোগ হিসেবে দেখলে চলবে না। এটি হলো রাষ্ট্রীয় তথ্যব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ। অর্থনীতিতে প্রবৃদ্ধির চমৎকার পরিসংখ্যানের চেয়ে সাধারণ মানুষের জীবন অভিজ্ঞতা, প্রকৃত উৎপাদনশীলতা এবং রাজস্ব সামঞ্জস্যের বাস্তব চিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের নীতিনির্ধারণী ভিত্তি মজবুত করতে হলে সত্যের মুখোমুখি দাঁড়ানোর বিকল্প নেই। 
লেখক : নির্বাহী সম্পাদক, নয়া দিগন্ত
mrkmmb@gmail.com