
ভোরে কারখানার ফটকে তালা, রাস্তায় ইটের টুকরো, পুলিশের জলকামান। আশুলিয়া থেকে মিরপুর, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ, ছবিটা একই। আমরা এমনভাবে বিস্মিত হই, যেন এমন কিছু আগে কখনো ঘটেনি। অথচ মজুরি-কাঠামো নবায়নের আগে প্রায় প্রতিবার এই দৃশ্য ফিরে এসেছে। ঈদে বেতন-বোনাসের জন্য রাস্তায় নামতে হয়, নতুন মজুরির জন্যও। তাই প্রশ্নটা এখন আর ‘কী হয়েছে’ নয়; প্রশ্ন হলো— একই সঙ্কট কেন বারবার ফেরে, আর কবে আমরা স্থায়ী, নিয়মভিত্তিক একটি মজুরি-ব্যবস্থায় পৌঁছাব। মূল যুক্তি— মজুরি নির্ধারণ যতদিন পাঁচ বছর পরপর রাস্তার উত্তাপে মীমাংসা হবে, ততদিন শ্রমিক, মালিক ও অর্থনীতি— তিন পক্ষ হারবে। সমাধান হলো তথ্যভিত্তিক, সূচকযুক্ত ও সময়সূচি-নির্দিষ্ট একটি স্থায়ী কাঠামো। বর্তমানে তৈরী পোশাকশিল্পে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি (২০২৩ থেকে) ১২,৫০০ টাকা। তাদের এবারের দাবি ৩০,০০০ টাকা।
ঝুঁকিটা কত বড়
এ খাতে সুতো ছিঁড়লে লাখো সংসারের হাঁড়ি যেমন টান খায়, রিজার্ভের ভরসাও তেমন নড়ে ওঠে। রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এখান থেকে; ২০২২ সালে পোশাক ও বস্ত্র রফতানি ছিল প্রায় ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার। কারখানা ও শ্রমিকের সংখ্যা নিয়ে অবশ্য একক হিসাব নেই। ‘ম্যাপড ইন বাংলাদেশ’ উদ্যোগ পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার কারখানা। আর রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য নিয়ে বিজিএমইএর সঙ্কলনে ২০২২-২৩ অর্থবছরে সংখ্যাটি চার হাজার ৭৯০। মালিকপক্ষের হিসাবে শ্রমিক ৪০ লাখ, ডিজিটাল জরিপে ২৭—৩০ লাখ। তাদের বড় অংশ নারী। যে খাতের শ্রমিক কতজন, তা নিয়ে ১০ লাখের ব্যবধান, সেখানে ন্যায্য মজুরির হিসাব কষা কঠিন। একটি সরকারি, নিয়মিত হালনাগাদ হওয়া শ্রমিক-নিবন্ধন তাই নীতি-সংস্কারের প্রথম ধাপ।
সত্তরের দশকের সেই ছোট্ট সুতো
এই বিশাল শিল্পের শুরু ছিল বিস্ময়কর রকম ছোট। স্বাধীনতার পর রফতানির প্রধান ভরসা ছিল পাট। ১৯৭৭ সালে নূরুল কাদের খানের ‘দেশ গার্মেন্টস’ দক্ষিণ কোরিয়ার দাইয়ুর সাথে কারিগরি সহযোগিতায় এগোয়। ১৩০ প্রশিক্ষণার্থী কোরিয়ায় যান, ১৯৭৮ সালে ফ্রান্সে যায় প্রথম রফতানি চালান। প্রশিক্ষিতদের অনেকে পরে নিজেরা কারখানা গড়েন; ১৯৮৩ সালে গঠিত হয় বিজিএমইএ। উন্নত দেশের কোটাব্যবস্থায় বড় সরবরাহকারীরা সীমিত থাকায় স্বল্প মজুরির বাংলাদেশের সামনে বাজার খুলে যায়। কোটা উঠে যাওয়ার পরও টিকে থাকা প্রমাণ করে, এটি শুধু সুযোগের নয়, শ্রমিকের হাতে অর্জিত সাফল্যের গল্প। বিড়ম্বনা হলো— সেই শ্রমিকের প্রাপ্য নিয়ে আজ এত দরকষাকষি।
মজুরির সিঁড়ি আর ৩০ হাজারের অঙ্ক
তিন দশকে মজুরি বেড়েছে ধাপে ধাপে, প্রতিটি ধাপের পেছনে ছিল রাস্তার চাপ। সেই ১৯৯৪ সালের প্রথম বোর্ড থেকে। ২০২৩ সালে বোর্ডে শ্রমিকপক্ষ প্রস্তাব করেছিল ২০ হাজার ৩৯৩ টাকা, মালিকপক্ষ প্রথমে চেয়েছিল ১০ হাজার ৪০০ টাকা। রাস্তায় দাবি ছিল ২৩—২৫ হাজার টাকা। শেষে মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকা চূড়ান্ত হয়, কার্যকর হয় ওই বছরের পয়লা ডিসেম্বর থেকে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান ছিল প্রায় দ্বিগুণ। মীমাংসা হয়েছে রাস্তার উত্তাপে। আমাদের ব্যবস্থায় তথ্যভিত্তিক সমঝোতার চেয়ে সঙ্ঘাত-নির্ভর দরকষাকষি বেশি কাজ করে— এটিই মূল সমস্যা।
এবার শ্রমিকরা চাইছেন মাসে ৩০ হাজার টাকা, সাথে কালো তালিকাভুক্তির অবসান ও অন্যায্য ছাঁটাই বন্ধ। দাবিটি কারো কাছে অতিরিক্ত ঠেকতে পারে; কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। এ জাতীয় গড় দিয়ে আশুলিয়ার একজন শ্রমিকের ঘরভাড়া-বাজারের হিসাব মেলে না। দাবি আর সামর্থ্যরে ব্যবধান ঘোচাতে চাই তথ্য, স্লোগান নয়— শিল্পাঞ্চলভিত্তিক জীবনযাত্রার ব্যয় এবং ওভারটাইম বাদে নিয়মিত মজুরিতে সংসার চলে কি না, তার স্পষ্ট হিসাব।
কারখানা বন্ধ থাকলে কী হারাই
হরতাল, অবরোধ বা কারখানা বন্ধের প্রথম ও সবচেয়ে বড় শিকার প্রায়ই শ্রমিক নিজে। সংবাদমাধ্যমে খবর, পয়লা নভেম্বর অন্তত ৫২৯টি কারখানা ছুটি ঘোষণা করে। বিজিএমইএর তথ্য অনুযায়ী— প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কর্মস্থল ছেড়ে যান, মালিকদের ধরা ৪০ লাখের প্রায় এক-চতুর্থাংশ।
২০২২ সালের রফতানির হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ১১ কোটি ৭০ লাখ ডলারের পোশাক ও বস্ত্র জাহাজে ওঠে। এটি লেখকের গড় হিসাব, প্রকৃত ক্ষতি নয়; তবু একদিনের স্থবিরতায় কতটা চালান পিছিয়ে পড়ার ঝুঁকি, তার আন্দাজ এ থেকে মেলে।
প্রভাব পড়ে তিন স্তরে— ক. শ্রমিকের ঘরে— কাজ না করলে মজুরি নেই। ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি প্রয়োগের কথা মালিকদের একাংশ ভাবছে বলেও খবর এসেছে।
খ. সরবরাহ শৃঙ্খলে— ক্রেতারা চালানের সময় মাপেন। দেরি মানে জরিমানা, বাড়তি বিমান-ভাড়া, শেষে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি। গ. সামষ্টিক অর্থনীতিতে— সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা করেছে; বারবার উৎপাদন থামলে সে পথ আরো কঠিন হবে।
চাপ আগে থেকে ছিল। প্রথম আলোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে অন্তত ২০ হাজার শ্রমিক ছাঁটাই বা কর্মহীন হয়েছেন। একটি শিল্প-সংবাদ সূত্র বলছে, মার্চে পোশাক রফতানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। ভেঙে যাওয়া কারখানা আর হারানো ক্রয়াদেশ রাতারাতি ফেরে না।
দায় কার : তিন পক্ষের
মালিকপক্ষ— নতুন হারের আগে পুরনো পাওনা চুকাতে হবে। ৭ জুলাই একটি বন্ধ কারখানার প্রায় ৩০০ শ্রমিক বকেয়ার দাবিতে বিজিএমইএ কার্যালয়ের সামনে বসেছিলেন। অভিযোগ ছিল মালিকের খোঁজ মিলছে না। আগস্টেও আশুলিয়ায় বন্ধ দু’টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। ছাঁটাই ও কালো তালিকার অভিযোগে শ্রমিককে লিখিত সিদ্ধান্ত ও আপিলের সুযোগ দিতে হবে, আর ফটক বন্ধ পেয়ে ফিরে যাওয়া শ্রমিকের মজুরি কোন ভিত্তিতে কাটা হবে, তার জবাবও মালিকদের দিতে হবে।
সরকার— পয়লা নভেম্বর ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। শ্রমিকপক্ষে আছেন বাবুল আক্তার ও আনোয়ার হোসেন। নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। সরকারের দায় শুধু বোর্ড গড়ায় শেষ হয় না— সুপারিশের পদ্ধতি ও সময়সূচি আগেভাগে প্রকাশ করলে অনিশ্চয়তা কমবে। একইসাথে চাঁদাবাজি ও উসকানির অভিযোগ আছে। আশুলিয়ার এক সুয়েটার কারখানার চেয়ারম্যান প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজন শিল্পমালিক অস্থিরতায় উসকানি দিয়েছেন। দু’টিই এখনো অভিযোগ— প্রমাণ হতে হবে অর্থের উৎস, প্রাপক ও নির্দিষ্ট সহিংস ঘটনার যাচাইযোগ্য যোগসূত্রে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে একই মানদণ্ডে। বিক্ষোভে আহত এক শ্রমিকের মৃত্যুর পরিস্থিতিও তদন্তের বাইরে থাকা চলবে না।
ক্রেতা— দাম বাড়লে সুফল মেলে না, কমলে ভাগও থাকে না— এ অভিযোগ কাঁচামালের বাজারে যেমন, শ্রমমানের ব্যয় ভাগাভাগিতেও তেমন। উন্নত শ্রমমান চাইলে সরবরাহমূল্য ও চালানের সময়সীমা নিয়ে ন্যায্য দরকষাকষি জরুরি। নইলে সব চাপ গিয়ে পড়ে সবচেয়ে দুর্বল জায়গায়— শ্রমিকের মজুরিতে।
বোর্ড এখন কোথায়
সময়সূচিতে সমঝোতা হয়েছে, অঙ্কে এখনো হয়নি। ৪ নভেম্বরের প্রথম সভায় বোর্ড ডিসেম্বর থেকে সংশোধিত কাঠামো কার্যকরে একমত হয়েছে; নতুন হারে প্রথম বেতন মিলবে জানুয়ারিতে। কিন্তু বাড়তি মজুরির পরিমাণ নিয়ে আলোচনা হয়নি, আরো সভা হবে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অর্থনীতিবিদরা বলছেন— শ্রমিকের দাবি ও শিল্পের প্রতিযোগিতা-সক্ষমতার মধ্যে ভারসাম্য রাখাই বোর্ডের চ্যালেঞ্জ। অঙ্ক নিয়ে মতভেদ না মিটলে রাস্তা আবার গরম হওয়ার আশঙ্কা থেকে যায়, যেমনটি ২০২৩ সালে দেখা গেছে।
নীতি-দিকনির্দেশনা : সঙ্ঘাত থেকে নিয়মে
স্থায়ী সমাধান মানে একবারের বড় অঙ্ক নয়, এমন একটি ব্যবস্থা, যেখানে মজুরি বাড়ে পূর্বানুমেয়ভাবে, পাওনা আটকে থাকে না। সাতটি পদক্ষেপ সেই দিকে নিতে পারে :
মজুরির বার্ষিক সূচকায়ন। পাঁচ বছর অপেক্ষা না করে প্রতি বছর শিল্পাঞ্চলভিত্তিক মূল্যস্ফীতির সাথে মজুরি স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে; বোর্ড বসবে কেবল কাঠামোগত সংস্কারে। তাতে ‘একলাফে দ্বিগুণ’ দাবির চাপও কমবে। শিল্পাঞ্চলভিত্তিক জীবনযাত্রা-ব্যয় জরিপ। পরিসংখ্যান ব্যুরো ও স্বাধীন গবেষকরা যৌথভাবে আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে ঘরভাড়া, খাদ্য ও যাতায়াত ব্যয়ের হিসাব প্রকাশ, ওভারটাইম ছাড়া নিয়মিত মজুরিতে সংসার চলে কি না, এগুলোই হবে মাপকাঠি।
স্বচ্ছ ও সময়বদ্ধ বোর্ড। সুপারিশের পদ্ধতি, ব্যবহৃত তথ্য ও সভার সময়সূচি প্রকাশ্য থাকবে; বোর্ডের জন্য স্থায়ী সচিবালয় ও গবেষণা সক্ষমতা গড়তে হবে। বকেয়া মজুরি সুরক্ষা তহবিল। মালিক ও ক্রেতার যৌথ অংশগ্রহণে একটি নিশ্চয়তা-তহবিল থাকবে, যাতে কারখানা বন্ধ হলে বা মালিক উধাও হলে শ্রমিকের বেতন ও আইনি পাওনা আটকে না যায়। ডিজিটাল মাধ্যমে মজুরি পরিশোধ যাচাইযোগ্য করতে হবে।
ক্রয়মূল্যে শ্রম-ব্যয় আলাদা রাখা। ক্রেতা-চুক্তিতে মজুরির অংশ দর-কষাকষির বাইরে রাখা (রিং-ফেন্সিং) এবং মজুরি বাড়লে ক্রয়মূল্য সমন্বয়ের ধারা যুক্ত করা— সরকার ও বিজিএমইএ যৌথভাবে বড় ব্র্যান্ডগুলোর সাথে এই দরকষাকষি করবে।
কারখানা-স্তরে সংলাপ ও ন্যায্য প্রক্রিয়া। নির্বাচিত শ্রমিক প্রতিনিধি, কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, কালো তালিকা নিষিদ্ধ এবং ছাঁটাইয়ে লিখিত কারণ ও আপিলের অধিকার— ক্ষোভ রাস্তায় নামার আগে কারখানার ভেতরে মীমাংসা হবে।
উৎপাদনশীলতা ও বাজার বৈচিত্র্য। দক্ষতা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন ও কৃত্রিম তন্তুর উচ্চমূল্যের পণ্যে বিনিয়োগ বাড়লে বাড়তি মজুরি বহন করেও প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। সস্তা শ্রম আর দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার কৌশল হতে পারে না। পাশাপাশি চাঁদাবাজি, লুট ও উসকানির অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দরকার— কারণ শ্রমিকের ন্যায্য দাবি আর সহিংসতা এক পাল্লায় মাপলে দুটোর বিচার হয় না।
শেষ কথা
বোর্ডের সুপারিশ যা-ই হোক, তার সফলতার পরীক্ষা হবে দু’টি প্রশ্নে। শ্রমিক কি সময়মতো প্রাপ্য মজুরি পাচ্ছেন? আর কারখানা কি চাঁদার চাপ ছাড়া উৎপাদন ও সরবরাহ চালিয়ে যেতে পারছে? এ দুই প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ না হওয়া পর্যন্ত প্রতিটি মজুরি-কাঠামো কেবল পরবর্তী সঙ্কটের আগের বিরতি হয়ে থাকবে। সেলাই মেশিনের শব্দ যেন স্থায়ীভাবে থেমে না যায়, সে দায় আমাদের সবার। হ
লেখক : সাবেক সচিব, বাংলাদেশ সরকার; প্রেসিডেন্ট, সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








