সংসদ অধিবেশনে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
সংসদ অধিবেশনে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংগৃহীত

সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি উদ্বেগ থাকে, তাহলে আমাদের নিজেদের পথ দেখতে হবে।’

আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির দ্বারা আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। এ বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব প্রত্যাশা করেন তিনি।

সংরক্ষিত নারী আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে বুধবার রাতে আগুনের ঘটনা ঘটে। সেখানে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বুধবার রাতের ঘটনার কথা উল্লেখ করে, এ ঘটনায় পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে সংশ্লিষ্ট থানার ওসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘সেই থানার যে ওসি উনি কমেন্ট করেছেন যে, ওখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। আমি নিজে এসপির সাথে কথা বলেছি, সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি, দুপুর পর্যন্ত। কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন ছাড়াই তারা বলে দিচ্ছে যে সেখানে কোনো পেট্রল বোমা নিক্ষেপ করা হয়নি।’

একইসাথে, এনসিপির আরেক নেতা হাসিব ইসলামের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনও গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না, আজকে এই প্রশ্নটাই করতে এসেছি?’