
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসাথে জনগণকে আইন হাতে তুলে নিতে হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’ পোস্টের সাথে নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবি যুক্ত করেছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে আগুন লেগে ঘর পুড়ে যায়। তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হন।
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
নুসরাত তার পোস্টে লিখেছেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








