নুসরাত তাবাসসুম, পেট্রোল বোমা হামলা, এনসিপি, রাজনৈতিক হামলা
এনসিপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের দাদাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে যাওয়া বাড়ি এবং আগুনে মারা যাওয়া ছাগলের বাচ্চার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

Advertisement

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিলো!’

তিনি আরো লেখেন, ‘যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কী আর করবে!’

এর আগে, বুধবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া অন্য এক পোস্টে নিজের বাড়িতে হামলার খবর জানান নুসরাত।

ওই পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘যে ঘরে আগুন দেয়া হয়েছে, সেটি গরু রাখার ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেয়া হয়েছে।’

এদিকে, বুধবার রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলা হয়, দলের যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, ‘তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।