নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম। নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন।

Advertisement

এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্ট, আন্তর্জাতিক সংস্থা ও প্রবাসীদের একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তার এই সফরের তথ্য নিশ্চিত করা হয়।

ব্রিটিশ পার্লামেন্ট ও বৈশ্বিক সংস্থার সঙ্গে বৈঠকের সূচি

এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সফরের বিষয়টি নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সাথে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। সফরে নাহিদ ইসলামের সাথে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা ও অভিজ্ঞতা বিনিময়

এনসিপির তথ্য অনুযায়ী, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।

জুলাই গণহত্যার বিচার ও প্রবাসী সংলাপ

এহতেশাম হক জানান, সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। 

এ ছাড়া যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকেও সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। 
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।