আখতার হোসেন এমপি
‘সাইবার সুরক্ষা, না কণ্ঠরোধ’ শীর্ষক নাগরিক সংলাপে আখতার হোসেন এমপি। নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘জনগণের সুরক্ষার পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।’ 

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘ভয়েস ফর রিফর্ম’সহ একাধিক সংগঠনের আয়োজনে ‘সাইবার সুরক্ষা, না কণ্ঠরোধ’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘সরকার সাইবার সুরক্ষার নামে নাগরিকদের কণ্ঠরোধ করতে চাইছে।’ 

সরকারের সিদ্ধান্তের সমালোচনা করায় ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তারকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার চায় না তাদের দেয়া তথ্যের বাইরে অন্য কোনো তথ্য প্রচারিত হোক।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে যে যে জায়গায় সরকারের হাত-পা বাঁধা হয়েছিল, সেসব জায়গার বাধা শুরু থেকেই সরাচ্ছে সরকার। গুম কমিশনসহ বিভিন্ন কমিশনকে নিজেদের তল্পিবাহক বানানোর জন্য সব আইন করছে সরকার।’

আইজিপির ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘আইজিপি যে ক্রসফায়ারের কথা বলেছেন, এটাকে সরকারের বক্তব্য ধরে নিতে পারেন। সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি এটা বলেছেন।’ 

এ বক্তব্যের জন্য আইজিপিকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, ‘অপরাধ ও মতপ্রকাশের স্বাধীনতাকে আইনে আলাদাভাবে বিবেচনা করতে হবে। জুয়া ও প্রতারণার মতো অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে সরকার, রাজনীতি বা কোনো নীতির সমালোচনাকে মানহানির আওতায় আনা যাবে না।’

তিনি বলেন, ‘আইনের অপপ্রয়োগ বন্ধে সুনির্দিষ্ট বিধান রাখতে হবে, যাতে কোনো ফাঁকফোকর না থাকে।’ 

সাংবাদিক ও সাধারণ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা একইভাবে নিশ্চিত করার পাশাপাশি প্রস্তাবিত সংশোধনী ক্ষমতার অপব্যবহারের পথ প্রশস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন- ডেইলি স্টারের সাবেক সম্পাদক শফিকুল আলম, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, অল্টারনেটিভের সংগঠক ডা: তাজনূভা জাবিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর।

এ ছাড়া মানহানিকে সাইবার আইনের বাইরে রাখা, মোবাইল কোর্টের পরিবর্তে জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা, প্ল্যাটফর্মের স্বচ্ছতা এবং নারী-শিশু নির্যাতনকে ডিজিটাল অপরাধ হিসেবে গণ্য করার সুপারিশ করেছেন তিনি।