
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, আইজিপি বক্তব্য প্রত্যাহার না করলে ধরে নিতে হবে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এমন মন্তব্য করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় এক নাগরিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আইজিপির বক্তব্যে পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার পরিবর্তে আবারো লাঠিবাহিনী ও ক্রসফায়ারের বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের নিম্নপদস্থ সদস্যদের উদ্দেশে হাসনাত বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বার্থে যেন তারা কোনো অবৈধ আদেশ পালন না করেন। কর্মকর্তারা অধস্তন সদস্যদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে সমর্থন চান তিনি। পাশাপাশি বিএনপির অতীত রাজনৈতিক ভূমিকা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








