
দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি সারাদেশের বিমানবন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে, নজরদারি বাড়াতে এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করার নির্দেশ দিয়েছে।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেয়া হয়েছে বলে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল জানিয়েছেন।
বেবিচক সূত্র জানায়, দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড (টার্মিনালের বাইরের) এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল আরো বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
সম্ভাব্য নিরাপত্তা হুমকি প্রতিরোধে বিমানবন্দর প্রাঙ্গণে প্রবেশকারী যানবাহনগুলোতে আরো কঠোরভাবে তল্লাশি চালানোর জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডসাইড নিরাপত্তা জোরদারে টহল, নজরদারি ও যানবাহন তল্লাশি বাড়ানোর জন্য বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশ দেয়া হয়েছে।
সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে বিমানবন্দর থানা পুলিশকেও আশেপাশের এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে।
বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা সব বিমানবন্দরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে—এমনকি যেসব বিমানবন্দরে রাতের বেলা ফ্লাইট চলাচল বন্ধ থাকে, সেখানেও এটি কার্যকর হবে।
রাতে ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর চত্বরের নিরাপত্তা নিশ্চিত করতে এসব বিমানবন্দরের কর্তৃপক্ষকে নিয়মিত টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করার অংশ হিসেবে বিমানবন্দরগুলোর ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ক্যামেরা নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশের বিদ্যমান এআইভিত্তিক নজরদারি নেটওয়ার্কের আওতায় বিমানবন্দরগুলোতে অতিরিক্ত ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে বেবিচক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-ও তাদের নিজস্ব নজরদারি ক্যামেরা বসানোর মাধ্যমে পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানোর আলাদা উদ্যোগ নিয়েছে।
কর্মকর্তারা জানান, প্রস্তাবিত ক্যামেরা ও নজরদারি ব্যবস্থা বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরো কার্যকর করবে।
এর মাধ্যমে বিমানবন্দর চত্বর ও আশপাশের এলাকায় পর্যবেক্ষণ আরো জোরদার হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








