প্রধানমন্ত্রী, তারেক রহমান, সিন্ডিকেট, মালয়েশিয়া, জাতীয় সংসদ, স্বাস্থ্য, কৃষি
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্টারনেট

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে পলাতক আওয়ামী সরকারের সময়ে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দিয়েছিল।

Advertisement

আজ বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টমদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।

তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সাথে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, শুধু তাই নয়, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।

বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তার কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার চেষ্টা করা যেতে পারে।

এর আগে, সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন।

সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি কিন্তু বলেছিলাম যে আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি। এবং আপনি জানলে আরো খুশি হবেন, আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি যে যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভিতরে থাকে। এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে, আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।’

স্বাস্থ্য খাতে পরিবর্তনের ঘোষণা
অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী বলেন, পলাতক সরকার এমনভাবে দেশের স্বাস্থ্য খাতের অবস্থা তৈরি করেছিল, মানুষকে বাধ্য করা হচ্ছিল কোনো একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য। সে কারণে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কোনোভাবে ভালোভাবে করে গড়ে তোলা হয়নি, যাতে করে বাংলাদেশের মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকে।

তিনি বলেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে বাংলাদেশের সকল উপজেলায়। ৫০ সদস্যের যে হাসপাতাল আছে, এটিকে আগামী পাঁচ বছরে ১৫০ বেডে রূপান্তরিত করা হবে। প্রত্যেকটি উপজেলা হাসপাতালে আরো ১০০টি বেড সংযোগ করা হবে। 

তিনি আরো বলেন, সরকারি হাসপাতালগুলোতে গেলে দেখতে পাই মানুষ বেডের অভাবে বারান্দাসহ বিভিন্ন জায়গায় মেঝেতে শুয়ে থাকে। একটি পরিসংখ্যানে দেখা গেছে এরকম মানুষের সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর ব্যাপার। তাই রাষ্ট্রের এরকম অর্থনৈতিক সঙ্কটকালীন অবস্থার ভেতরেও গত কয়েক মাসে প্রায় সাড়ে তিন হাজার বেড সমগ্র বাংলাদেশে যুক্ত করতে সক্ষম হয়েছে সরকার।

কৃষিজমি রক্ষা করেই  উন্নয়ন 
দেশের জনসংখ্যা ও আয়তনের ভারসাম্য বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া অবকাঠামো বা রাস্তা নির্মাণের মাধ্যমে কৃষিজমি নষ্ট না করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে রংপুর অঞ্চলের মতো কৃষিপ্রধান এলাকায় দুই বা তিন ফসলি জমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি।

জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রংপুর নগরীর তীব্র যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবির জবাবে প্রধানমন্ত্রী বলেন, খুব প্রয়োজন হলে আমরা অবশ্যই রাস্তা বা অবকাঠামো নির্মাণ করব, কিন্তু কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে চাই না। নতুন কোনো রাস্তা বা স্থাপনা তৈরি করতে গেলে স্বাভাবিকভাবেই কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। যেসব অঞ্চলে দুই বা তিন ফসলি জমি রয়েছে, সেখানে আমাদের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

স্বাস্থ্য খাতকে সঙ্কটে মুখে ঠেলে দিয়েছে
বিগত স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন এক সঙ্কটের মুখে ঠেলে দেয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ দেশের বাইরে কোনো বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচেতনভাবেই এ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত হতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংসদ অধিবেশনে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে বেডের অভাবে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষকে মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। বর্তমান সরকারের ভঙ্গুর অর্থনীতি ও সঙ্কটকালীন পরিস্থিতির মধ্যেও গত কয়েক মাসে স্বাস্থ্যসেবায় নতুন করে প্রায় তিন হাজার ৫০০ বেড যুক্ত করা হয়েছে।

মনোরেল চালুর চিন্তা 
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও সাধারণ মানুষের যাতায়াত আরো সহজ করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজধানীর সংকীর্ণ সড়ক ও অলিগলিতে চলাচলের সুবিধার্থে মনোরেলের সম্ভাবনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সাধারণ মানুষের যাতায়াত আরো সুবিধাজনক করতে মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করছে। কারণ মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও চলাচলের উপযোগী। সরকার মনে করে, মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষ গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।’

ঢাকার ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল
রাজধানী ঢাকার যানজট নিরসনে ৫০টি পয়েন্টে নতুন করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সিগন্যাল ও এআই ক্যামেরা কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে।

সংসদের চতুর্থ অধিবেশনে দিনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে। এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। চলাচলের উপযুক্ত হবে। মানুষের জন্য সুবিধা হবে। একই সাথে যানজট তুলনামূলক অনেক কমে আসবে।

তবে বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, তারপরও সরকার চেষ্টা করছে, যাতে যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।

রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার
বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের একটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।

তিনি আরো বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করেছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।