
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
অভিযোগগুলোর মধ্যে ছয়টি নিষ্পত্তি এবং একটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন এসব শুনানি গ্রহণ করেন।
অভিযোগগুলোতে মূলত বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন, গৃহীত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র ও আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয় উঠে এসেছে।
এছাড়া সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, জ্যেষ্ঠতা ও দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা সেবার বিবরণ-সংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেছেন আবেদনকারীরা।
অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি গ্রহণের পর ছয়টি নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
প্রায় দুই বছর বিরতির পর গত সোমবার তথ্য অধিকার আইনে দায়ের করা অভিযোগের শুনানি শুরু করে তথ্য কমিশন।
প্রথম দিন পাঁচটি অভিযোগের শুনানি হয়, যার মধ্যে তিনটি নিষ্পত্তি করা হয় এবং বাকি দু’টির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
বুধবারের শুনানিসহ দুই দিনে এ পর্যন্ত ১২টি অভিযোগের শুনানি করেছে কমিশন, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে নয়টি অভিযোগ। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








