প্রধানমন্ত্রী তারেক রহমান, চিকিৎসা
প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন। ইন্টারনেট

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও নির্দেশনায় তিন বছর বয়সী শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জন্মগতভাবে চোখের জটিল সমস্যায় আক্রান্ত ছিল আবু বক্কর।

Advertisement

’আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিশুটির চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের নজরে আসে।

বিষয়টি জানার পর আবু বক্করের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের পরামর্শ নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

গত সোমবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারের পর আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা: শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।

কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা: এম আর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারের সাথেও কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা: সায়ীদ মেহবুব উল কাদীর, ডা: এ এস এম মাহবুব মুন্না, ডা: মো মাহফুজুল আলম, ডা: জাকিয়া সুলতানা, ডা: আবু মোস্তফা কামাল, ডা: মো: মাসুদ রানা, ডা: মো: হাবিবুর রহমান, ডা: ইসমাইল হোসেন, ডা: শামীমা ইয়াসমিন, ডা: আদনান এবং আমরা বিএনপি পরিবার এর সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস