বিজিবি মোতায়েন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, ৪৪ প্লাটুন বিজিবি, ঢাকা শিল্পাঞ্চল, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, ময়মনসিংহ শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি
শ্রমিক বিক্ষোভে শিল্পাঞ্চলে বিজিবি সদস্য মোতায়েন। সংগৃহীত

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

Advertisement

বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়া এলাকায় ২০ প্লাটুন রয়েছেন। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য।

এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।