হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাহিদ ইসলাম, ইসলামী মূল্যবোধ
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ইন্টারনেট

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আলেম-ওলামাদের সমর্থন পেয়েই সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন তিনি। 

Advertisement

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু এ মন্তব্য করেন।

একই সাথে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর আক্রমণের নিন্দা জানান তিনি।

হুইপ দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মত একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন।

তিনি বলেন, ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে মূল্যায়ন করে থাকেন।

হুইপ দুলু লেন, বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে তাদের অসম্মানিত করা হতো। 

তিনি বলেন, মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। সত্য চিরকাল সত্যই থাকে।

তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করতেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদেরকে যথেষ্ট সম্মান করেন। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করবেন বলে জানান।

এই সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।