
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করা হয়েছে। সে দিক থেকে তিনি সন্তুষ্ট।’
তিনি আরো বলেন, ‘হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং অন্য আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেলের সাথে বসে বিস্তারিত জানবেন। এরপর পরবর্তী করণীয় ও সিদ্ধান্ত জানাবেন।’
আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, ‘রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।’
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করেন আদালত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








