ডিএফসি অর্থায়ন, মাহদী আমিন, মার্কিন বিনিয়োগ, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, শ্রমবান্ধব নীতি, নতুন শ্রম আইন, প্রধানমন্ত্রী তারেক রহমান, কর্মসংস্থান সৃষ্টি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সংগৃহীত

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

Advertisement

মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আনন্দের সাথে অবহিত করছি, ডিএফসি’র অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’

এই অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ‘ডিএফসি’র অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজতর হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমাত্রিক খাতে এই বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।’

ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইতিবাচক কার্যক্রম এবং বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন মাহদী আমিন।

তিনি বলেন, ‘অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। সে কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল।’

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত নয় মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা (পলিসি কন্টিনিউটি) এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সর্বাঙ্গীণ বিশ্বাসের ফলেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

ডিএফসি’র এই অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসার পাশাপাশি দেশের তরুণদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মাহদী আমিন বলেন, ‘বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনে আরো সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।’

সবার সম্মিলিত প্রচেষ্টার আহবান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি আরো বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবাই মিলে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের অর্থায়নের যোগ্যতা অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এই অর্থায়নের সুযোগ তৈরি করে দিয়েছে।’

বিনিয়োগ প্রক্রিয়ার বিষয়ে মাহ্দী আমিন জানান, ‘ডিএফসি’র এই তহবিলের আওতায় “কেস টু কেস“ ভিত্তিতে প্রতিটি প্রকল্প আসবে। এর মাধ্যমে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে এক অবারিত ও অপার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সূত্র : বাসস