সাঈদ খোকন, সাঈদ খোকন গ্রেফতার, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র, বারিধারায় গ্রেফতার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, ডিবি পুলিশ, মানি লন্ডারিং মামলা, দুর্নীতি দমন কমিশন
ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। সংগৃহীত

বেশভূষা পুরোপুরি পাল্টে ফেলেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকন। তবে চিরচেনা রূপ ও বেশভূষা আমূল পরিবর্তন করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পারলেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

Advertisement

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যের চেহারা ও পোশাকে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। মুখে লম্বা দাড়ি-গোঁফ ও ভিন্নধর্মী পোশাকের কারণে প্রথম দেখায় তাকে চেনা বেশ কঠিন ছিল। গ্রেফতারের পরই সাঈদ তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতাসহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীকেও আসামি করা হয়।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালতের এক আদেশে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।