
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








