
নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করা হয়েছে। একইসাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের আয় করমুক্ত সুবিধা দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ ও গ্রামীণ ব্যবসার জন্য সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।
আজ জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। এ ছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য টার্নওভারভিত্তিক করের ওপর টানা নয় বছর সম্পূর্ণ কর অব্যাহতি দেয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরি কার্যক্রমও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় আনা হয়েছে।
ব্যবসা পরিচালনা সহজ করার বিষয়ে তিনি বলেন, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন জমা দিলে প্রণোদনা দেয়া হবে। তবে অনেক দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে।
তিনি বলেন, কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ ও প্রচারমূলক কার্যক্রমসহ ব্যবসার বিভিন্ন ব্যয়কে কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে। এতে ব্যবসায়ীদের করের বোঝা কমবে।
অর্থমন্ত্রী জানান, ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রফতানিমুখী শিল্পে সরবরাহকেও পরোক্ষ রফতানি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এ ছাড়া করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ ও সময়সাশ্রয়ী করতে আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্টে আপিল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করা হয়েছে।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় করদাতারা আপিল পর্যায়ে বিরোধপূর্ণ করের এক শতাংশ, ট্রাইব্যুনালে তিন শতাংশ এবং হাইকোর্টে ১০ শতাংশ জমা দিয়ে আপিল করতে পারবেন। আগে এ হার যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ ছিল।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধা চালু করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সুবিধার আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে।
তিনি আরো বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ, মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রফতানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামানো হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








