
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে দ্রুত সহায়তা দিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রকল্পভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে একটি সমীক্ষা পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দেশের কোন কোন এলাকা জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, বদ্বীপ এলাকা ও ঝুঁকিপূর্ণ জনপদে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুত সহায়তা পান।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৫-এর সরকারি দলের সদস্য নেওয়াজ হালিমা আরলীর জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় আনীত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী সংসদে দেয়া বিবৃতিতে বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম হলেও দেশটি বিশ্বের ১৩তম সর্বাধিক জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, নদীভাঙন এবং আকস্মিক ও ধীরগতির পরিবেশগত পরিবর্তনে দেশের কৃষি, পানি, বসতভিটা, অবকাঠামো, মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা, বিশেষ করে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন এবং লস অ্যান্ড ড্যামেজ সহায়তা বাড়ানোর দাবি জানিয়ে আসছে সরকার। এ লক্ষ্যে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








