
বগুড়া শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলটি পাস হয়।
বিলটি পাসের আগে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) যশোর-৪ আসনের মো: গোলাম রছুল, নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফা, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, কুষ্টিয়া-২ আসনের মো: আব্দুল গফুর, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের এম আবদুল আলীম, নীলফামারী-২ আসনের আলফারুক আব্দুল লতীফ, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন, মেহেরপুর-১ আসনের তাজউদ্দীন খান এবং কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে পাঠানোর দাবি জানান।
পরে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকার বগুড়ার উন্নয়নের প্রতি কোনো গুরুত্ব দেয়নি। এ কারণে বিলটি পাসের ক্ষেত্রে সংসদ এগিয়ে যেতে পারে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এ কর্তৃপক্ষ গঠিত হবে। এর আওতাধীন এলাকার মধ্যে থাকবে বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন অঞ্চল।
প্রস্তাবিত আইন অনুযায়ী, এ কর্তৃপক্ষ এলাকার পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের উন্নয়ন এবং নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে।
আইনে জনশুনানি ও প্রস্তাবিত পরিকল্পনা আগাম প্রকাশসহ নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প ও এলাকাভিত্তিক পরিকল্পনা পর্যায়ক্রমে প্রণয়নের বিধান রাখা হয়েছে।
কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় এর ছাড়পত্র ছাড়া কোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।
প্রস্তাবিত আইনে নদ-নদী, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে।
এতে ভূমি পুনর্বিন্যাস (ল্যান্ড রি-অ্যাডজাস্টমেন্ট) এবং ভূমি পুনঃউন্নয়ন (ল্যান্ড রিডেভেলপমেন্ট)-এর মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমি পুনর্বিন্যাসের ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ ভূমিমালিকের সম্মতি নেয়ার বিধান রাখা হয়েছে।
এছাড়া অনুমোদন ছাড়া নির্মাণকাজ এবং অবৈধভাবে জলাশয় ভরাটের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি আরোপ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








