বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম
বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ও সাম্প্রতিক সহিংসতার কঠোর সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের যে সবচেয়ে ভালো লোক, সেও ভয়ানক রকমের বাটপার হয়। 

Advertisement

তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হলো সহিংসতার মাধ্যমে দেশে লুটপাটতন্ত্র জারি রাখা।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘আওয়ামীপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম অভিযোগ করেন, বিগত সময়গুলোতে অতীতের অপরাধের যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত না করায় দলটি বারবার সহিংস রূপে ফিরে আসার সুযোগ পাচ্ছে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, লগি-বৈঠার তাণ্ডবে ঢাকার কোটি মানুষের সামনে প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হলেও এর কোনো বিচার হয়নি। ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও ২০০৮ সালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গওহর রিজভীরা খুব চতুরভাবে সেই মামলা সরিয়ে ফেলেন। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ আমরা গোপালগঞ্জের মতো ঘটনা দেখছি।

বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’-এর আলোচনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৬ বছর ধরে যারা খুন, গুম ও দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার পাশ কাটিয়ে রিকনসিলিয়েশনের কথা বলে আওয়ামী লীগকে আবারো রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসাথে কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্রনেতাদের হেয় প্রতিপন্ন করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।

নিজে প্রতিদিন হত্যার হুমকি (ডেথ থ্রেট) পাচ্ছেন উল্লেখ করে সাবেক এই প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ জুলাইয়ে যে জাগরণ ঘটিয়েছে, এরপর দেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে আমরা ১০০ বছর ধরে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব।

গত দুই সপ্তাহে নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের সুশীল সমাজের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি আধিপত্যবাদের প্রতিনিধি। এই অপশক্তি মোকাবেলায় নিজেদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে জুলাইয়ের সব শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।