
সাধারণ নাগরিকদের দৈনন্দিন সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি জানতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসভবনে তিনি একটি ‘অভিযোগ বক্স’ চালু করেছেন, যেখানে ঢাকা-৮ আসনের বাসিন্দারা নির্ভয়ে তাদের লিখিত মতামত ও অভিযোগ জমা দিতে পারবেন।
কী থাকছে এই অভিযোগ বক্সে?
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ঢাকা-৮ আসনের সর্বস্তরের মানুষের কথা শোনা এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পেতে হয়রানি, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি এবং জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ সরাসরি মির্জা আব্বাসের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
সরাসরি তদারকি ও সমাধানের প্রক্রিয়া
এই উদ্যোগের সবচেয়ে বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি বিষয় মির্জা আব্বাস নিজে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা ও তদারকি করবেন। পরবর্তীতে অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার উদ্যোগ নেবেন তিনি।
ঢাকা-৮ আসনকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
নাগরিকদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
নিজের এই উদ্যোগের বিষয়ে মির্জা আব্বাস জানান, ‘জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার।’
ঢাকা-৮ আসনের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
জনপ্রতিনিধি ও জনগণের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব।’
সবশেষে আসনের নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








