জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধ। সংগৃহীত

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

Advertisement

বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ প্রস্তুতিমূলক (আন্তঃমন্ত্রণালয়) সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর সভায় বিশেষ জোর দেয়া হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশী-বিদেশী ভিভিআইপি ও সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন এবং পুষ্পস্তবক অর্পণকালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে এবং সিসি ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সাথে যুক্ত থাকবে।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আগত মেহমানদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সকল অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস