
নর্থইস্ট নিউজে ভুয়া সংবাদ শনাক্ত করা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অভিযোগ আমলে নেয়নি জাতিসঙ্ঘ।
বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, নর্থইস্ট নিউজে ভুয়া সংবাদ, হাসিনার অভিযোগ আমলে নেয়নি জাতিসঙ্ঘ।
জুলাই গণঅভ্যুত্থানকে ‘পরোক্ষ সামরিক অভ্যুত্থান’ আখ্যা দিয়ে নর্থইস্ট নিউজের একটি সংবাদে দাবি করা হয়েছে, জাতিসঙ্ঘ শেখ হাসিনার একটি অভিযোগপত্র ‘খতিয়ে দেখছে’। তবে কোন অভিযোগ, তা সংবাদে উল্লেখ করা হয়নি।
বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা যায়, শেখ হাসিনার আইনি পরামর্শক স্টিভেন পাওলস এ বছরের ২৮ মে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোলকার টুর্ককে লেখা চিঠিতে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালযয়ের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ‘১৪০০ নিহত’ হিসাবকে চ্যালেঞ্জ করেছিলেন। জাতিসঙ্ঘ চিঠিটি খতিয়ে তো দেখছেই না, বরং প্রত্যাখ্যান করেছে। গত ১ জুন ২০২৬ তারিখে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদরদফতরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এই আপত্তি নিয়ে প্রশ্ন করা হলে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘The report was issued by our colleagues in the human rights office and we have no reason to question it.’ (এই প্রতিবেদনটি মানবাধিকার দফতরের আমাদের সহকর্মীদের দ্বারা প্রকাশিত হয়েছে এবং এটিকে প্রশ্ন করার আমাদের কোনো কারণ নেই।)
এছাড়াও হাসিনার পক্ষ থেকে স্টিভেন পাওলস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিষয়ে জাতিসঙ্ঘের বিশেষ র্যাপোর্টিয়ারদের কাছে আবেদন করেছেন বলে ম্যাট্রিক্স চেম্বার্সের ওয়েবসাইট থেকে জানা যায়। তবে এই আবেদনটি জাতিসঙ্ঘ খতিয়ে দেখছে, এমন কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট জানায়, নর্থ ইস্ট নিউজের পুরো প্রতিবেদনটিতেই জাতিসঙ্ঘ, বিভিন্ন কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের বৈঠক এবং বৈঠকের আলোচ্যসূচি নিয়ে একাধিক দাবি করা হয়েছে, যার কোনো নির্দিষ্ট তথ্যসূত্র দেয়া হয়নি। ভারতের এই গণমাধ্যমটি এর আগেও বাংলাদেশ বিষয়ে কথিত ‘কূটনৈতিক সূত্র’ ও ‘গোয়েন্দা সংস্থার সূত্র’-এর বরাতে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








