রুহুল কবির রিজভী, ইউট্যাব, ইউট্যাবের নিন্দা, বাসভবনে হামলার প্রস্তুতি, অধ্যাপক ওবায়দুল ইসলাম, মোর্শেদ হাসান খান, ছাত্রলীগের তিন নেতা, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

Advertisement

সোমবার এক যৌথ বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান এ কথা জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন সন্ত্রাসী তৎপরতা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ।’

তারা বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার পেছনে আরো কারা জড়িত এবং এর সাথে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।’

ইউট্যাবের নেতৃদ্বয় আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এই ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহবান জানান তারা। সূত্র : বাসস