
অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সভাটি শুরু হওয়ার কথা থাকলেও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ জানানো হবে।
এদিন বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে সভাটি স্থগিত করা হয়েছে।
আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছিল।
এদিকে, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।
এদিকে আজ সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের ঘোষণা দেয়া হয়। এরপর শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সেই হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরিকাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।
২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








