অপপ্রচার
বিএনপির লোগো। সংগৃহীত

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলের সন্ত্রাসী কার্যক্রম দাবি করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

Advertisement

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, বিএনপির শাসনামলে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রসহ কার্যক্রম চালাচ্ছে—এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি একটি নাটিকার শুটিংয়ের ভিডিও। এই বিষয়ে অনুসন্ধানে এসকে শাহীন নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ক্যাপশনে লেখা এটি একটি নাটিকার শুটিংয়ের দৃশ্য। যেটির পরিচালনা করেছেন শাহীন ভিলেন।

এসকে শাহীন নামের ফেসবুক অ্যাকাউন্ট ও টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি নিয়মত কন্টেন্ট ও এই ধরনের ভিডিও প্রকাশ করেন।

বিষয়টি আরো নিশ্চিত হতে বাংলাফ্যাক্ট গুগলের জিওলোকেশনের মাধ্যম নিশ্চিত করে ভিডিওটি সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পশ্চিম বাজারের তুহিন বস্ত্রালয়ের সামনে ধারণ করা হয়।

তুহিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো: আক্তার হোসেন শুক্কুরের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের এলাকার ছেলে শাহীন এটি শুটিং করেছিলেন। এখানে চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয় নেই।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের লোকজনের ফেইসবুক আইডি ও বিভিন্ন পেজ থেকে বাংলাদেশ, বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, অপতথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান তাদের এই অপকর্ম শনাক্ত করছে।