
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি মেটাতে সরকারি উদ্যোগে দক্ষ পেশাদার জনশক্তি পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
১৩ নভেম্বর কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়নে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনা সংক্রান্ত মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপির সাথে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রস্তাব দেন বলে শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শামা দক্ষ অভিবাসনে সহযোগিতার প্রস্তাব দেন, যার মাধ্যমে কসোভো যেসব খাতে দক্ষ কর্মীর সঙ্কট রয়েছে, সেসব খাতে বাংলাদেশী পেশাদারদের কাজ করার সুযোগ তৈরি হবে। কসোভোর মন্ত্রী প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
দুই দেশ বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক বিনিময় এবং বাণিজ্য প্রতিনিধিদলের সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
দুই দেশ পুনর্ব্যবহার (রিসাইক্লিং), প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।
বৈঠকে উভয় দেশের জলবায়ু-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ এবং জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ের মাধ্যমে সেসব মোকাবেলার সুযোগ নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী পাকোলি-দালিপি বন্যা, পানি ব্যবস্থাপনা এবং বাতাসের গুণমান সম্পর্কিত কসোভোর বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং এর পাশাপাশি রিসাইক্লিং ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন। শামা তাকে বন্যা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের নানা পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং শামা তাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
শামা তার হাতে পাটের তৈরি হস্তশিল্প এবং প্লাস্টিকের পচনশীল (বায়োডিগ্রেডেবল) বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহারের কথা তুলে ধরেন।
এছাড়াও তিনি কসোভোর মন্ত্রীকে কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








