হাফিজ উদ্দিন আহমদ
হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদের এক-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী মনোনয়ন দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

স্পিকার বলেন, দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা আর আগের মতো পিছিয়ে নেই। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনার সময় এসেছে। রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিলে নারীরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্পিকার।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই।

রাজনীতিবিদদের নিজেদের সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা নিজেদের শুধরে নিলেই দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে পুরো দেশ বদলে যাবে।

রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে স্পিকার বলেন, দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুবিধা আদায় করা যায়, তা নিয়েই রাজনীতিবিদরা বেশি ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও অধিকার নিয়ে তাদের ভাবার সুযোগ হয় না।