
পেশার মর্যাদা সমুন্নত রাখতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে আলোচনা করে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির কাজ করছে সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে নিয়মিত মতবিনিময় করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা হবে। পেশাগতভাবে কে সাংবাদিক হবেন, তা নির্ধারণের মানদণ্ড ঠিক করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
তিনি বলেন, ভুয়া সাংবাদিকতা শুধু সংসদ সদস্যদেরই নয়, বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষকেও ক্ষতিগ্রস্ত করছে।
ইয়াসের খান বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সঠিক তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে উৎসাহিত করছে।
এর আগে, সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক প্রকৃত সাংবাদিকের তালিকা তৈরি এবং ভুয়া সাংবাদিকতা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।
তিনি বলেন, কম যোগ্যতাসম্পন্ন একটি গোষ্ঠী ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছে। স্মার্টফোন ব্যবহার করে মিথ্যা সংবাদ ছড়িয়ে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তারা।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








