সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংরক্ষিত মহিলা আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মোছা: নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগসহ সব দিক খতিয়ে দেখতে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ বিষয়ে বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে প্রায় সাত দশমিক চার কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ানরা গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। টিনশেড ও আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। বাড়িটির প্রায় ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করছিলেন।

তিনি বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি নিজেও পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে লাগিয়েছে, তা নিশ্চিত হতে তিনি ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ জন্য পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে তদন্ত করা হবে।

বিজিবির প্রাথমিক পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, বাড়িটিতে একজন কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দু’টি ছাগল ছিল। আগুনে ছাগল দু’টি মারা গেছে। ঘটনাস্থলের ছবি, ভিডিও ও অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১২ নভেম্বরের তারিখে করা জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তদন্তের আগে অনুমাননির্ভর কোনো বক্তব্য দিতে চান না বলেও তিনি উল্লেখ করেন। বাসস