গ্যাস সঙ্কট, জ্বালানি মন্ত্রী
সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাসস

দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং বিদ্যমান ও সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস আহরণ সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

Advertisement

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে গ্যাসের প্রাপ্যতা বাড়লে এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে অতিরিক্ত গ্যাস আহরণ করা সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করতে পারব বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাসের সঙ্কট রয়েছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও সরবরাহ করা সম্ভব হতো। এ কারণে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ সীমিত করতে হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যেসব কারখানার বিদ্যমান যন্ত্রপাতি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, সেসব কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হলে ভবিষ্যতে সব সার কারখানায় গ্যাস সরবরাহ সম্প্রসারণ করা যাবে।

এদিকে, কুড়িগ্রাম-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো: মাহবুবুল আলমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে যদি দেখা যায় যে, এসব খনিজ সম্পদ আহরণ অর্থনৈতিকভাবে লাভজনক, তাহলে সরকার অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

সূত্র : বাসস