বিমানমন্ত্রী
ফ্যাসিবাদী শক্তি আর কোনো দিন ফিরবে না : ময়মনসিংহে বিমানমন্ত্রী। নয়া দিগন্ত

‘গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসতে পারবে না’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সাথে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে সমীক্ষা ও জমির সংস্থান নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা

দেশের বর্তমান পরিস্থিতি ও অপপ্রচার প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের গুপ্তচররা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার বিভিন্ন ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে। তবে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে কেউ পার পাবে না।’

শ্রমিক আন্দোলনের নামে শিল্পপ্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে উসকানি দিয়ে কলকারখানার উৎপাদন ব্যাহত এবং শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। শ্রমিকরা এখন বিষয়টি বুঝতে পেরেছেন। তাদের বেতন-ভাতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তার দাবি, ফ্যাসিবাদী শক্তির কিছু গুপ্তচর এসব আন্দোলনে ইন্ধন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে তাদের অপচেষ্টা সফল হবে না।’

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আঞ্চলিক উন্নয়ন মহাপরিকল্পনা

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এ জন্য ত্রিশালকে গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষায় উঠে আসা বিষয়গুলো স্থানীয় সংসদ সদস্যদের জানানো হয়েছে। প্রয়োজনীয় জমির সংস্থান নিয়েও কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে নেয়া হবে।’

বিমানবন্দর নির্মাণের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বিমানবন্দর নির্মাণ ও চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। শুধু একটি টার্মিনাল নির্মাণ করতেই আট থেকে ১০ বছর লেগে যেতে পারে। তাই পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করেই ত্রিশালে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নেত্রকোনা, বিরিশিরি, ময়মনসিংহ শহর, ত্রিশাল ও হালুয়াঘাটসহ এ অঞ্চলের বিভিন্ন স্থানকে সমন্বিত করে একটি মহাপরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহের উন্নয়নকাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে।’

কৃষকের সন্তানও যোগ্যতার ভিত্তিতে পাইলট হওয়ার সুযোগ পাবেন

শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের মূল্যায়নে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মেধাবীদের খুঁজে বের করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে পাইলট নিয়োগে মেধা অন্বেষণ কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে শুধু পাইলটের সন্তান নয়, একজন কৃষকের সন্তানও যোগ্যতার ভিত্তিতে পাইলট হওয়ার সুযোগ পাবেন। একইভাবে প্রতিটি মন্ত্রণালয়ে মেধাবীদের খুঁজে বের করে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে প্রতিটি উপজেলায় আয়োজন করা উচিত। এতে তৃণমূল পর্যায় থেকেও মেধাবীদের খুঁজে বের করা সম্ভব হবে।’ এ সময় তিনি জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—এ প্রতিপাদ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল হিসেবে অংশ নিয়ে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে পক্ষ দল হিসেবে অংশ নেয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, মাহবুবুর রহমান লিটন, লুৎফুল্লাহেল মাজেদ, সিটি মেয়র রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।