
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের স্ত্রী এমিনে এরদোগানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান।
এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
উপ-প্রেস সচিব জানান, মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা: জুবাইদা রহমান অন্য দেশের প্রতিনিধিদের সাথেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রী বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন দিনের সরকারি সফরে তুরস্কে রয়েছেন ডা: জুবাইদা রহমান। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








