ঢাকার বায়ুদূষণ
ঢাকার বায়ুদূষণ। সংগৃহীত

ঢাকার বাতাসে ক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫ এর সর্বোচ্চ ঘনত্ব রেকর্ড করা হয়েছে উত্তরার খালপাড় এলাকায়। সেখানে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ পাওয়া গেছে ১৪৪ মাইক্রোগ্রাম। ফলে নগরীর পর্যবেক্ষণ করা বাস রুটগুলোর মধ্যে এটিকে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Advertisement

অন্যদিকে, নিকুঞ্জকে সবচেয়ে কম দূষিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখানে পিএম ২.৫ এর মাত্রা প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রাম বা তার নিচে পাওয়া গেছে।

সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (ক্যাপস) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

‘ঢাকা শহরে যানবাহনজনিত বায়ুদূষণ ও ভোক্তার দূষণ-সংস্পর্শ’ শীর্ষক গবেষণায় যাত্রাবাড়ী থেকে মালিবাগ, রামপুরা, নতুন বাজার ও বিমানবন্দর হয়ে উত্তরা পর্যন্ত চলাচলকারী একটি গণপরিবহনের ভেতরের বায়ুদূষণ পরীক্ষা করা হয়।

ক্যাপসের চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, গণপরিবহনের ভেতরের বায়ুমান বোঝার জন্য এটিই ছিল প্রথম উদ্যোগ।

গবেষণায় দেখা গেছে, যানবাহনের নির্গত ধোঁয়া ও সড়কের ধুলাবালির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রী, পরিবহন শ্রমিক এবং ট্রাফিক পুলিশ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাজ করতে ও চলাচল করতে বাধ্য হচ্ছেন।

গবেষণা অনুযায়ী, সড়কের পাশের বায়ুদূষণ জাতীয় মানদণ্ড ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২৪ ঘণ্টা ধরে আবদুল্লাহপুর থেকে সদরঘাট পর্যন্ত নয়টি গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে বায়ুদূষণ ও শব্দদূষণের মাত্রা পর্যবেক্ষণ করেন গবেষকরা।

এ সময় বাতাসে পিএম ২.৫ , পিএম ১০ নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, শব্দের মাত্রা, তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করা হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, ওই করিডোরে ২৪ ঘণ্টার গড় পিএম ২.৫ এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ৮৩ দশমিক ৭ থেকে ১৩১ দশমিক আট মাইক্রোগ্রামের মধ্যে ছিল। অথচ বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী এর গ্রহণযোগ্য মাত্রা ৬৫ মাইক্রোগ্রাম।

নাইট্রোজেন ডাই-অক্সাইডের ঘনত্ব প্রতি ঘনমিটারে ১০২ থেকে ১৫১ দশমিক তিন মাইক্রোগ্রাম পাওয়া গেছে, যা নয়টি স্থানেই জাতীয় মানদণ্ডের ৮০ মাইক্রোগ্রামের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

গাবতলীতে সর্বোচ্চ পিএম ২.৫-এর ঘনত্ব পাওয়া গেছে, প্রতি ঘনমিটারে ১৩১ দশমিক আট মাইক্রোগ্রাম। এরপর রয়েছে আবদুল্লাহপুর, যেখানে এই মাত্রা ১২২ মাইক্রোগ্রাম।

শহরের এই দু’টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে পিএম ১০ এর মাত্রাও জাতীয় মানদণ্ড ছাড়িয়ে গেছে। আবদুল্লাহপুরে প্রতি ঘনমিটারে পিএম ১০-এর ঘনত্ব ছিল ২৩৮ দশমিক নয় মাইক্রোগ্রাম এবং গাবতলীতে ২০২ দশমিক সাত মাইক্রোগ্রাম। অথচ ২৪ ঘণ্টার জন্য এর গ্রহণযোগ্য সীমা ১৫০ মাইক্রোগ্রাম।

গবেষকরা এসব এলাকায় দূষণের প্রধান কারণ হিসেবে আন্তঃজেলা বাস চলাচল, রাতে ট্রাক চলাচল এবং সড়কের ধুলাবালিকে চিহ্নিত করেছেন।

রাতের বেলায় দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ থাকলেও গবেষণায় দেখা গেছে, দিনের বেশিভাগ সময়ও বায়ুদূষণের মাত্রা জাতীয় মানদণ্ডের ওপরে থাকে।

বিশেষ করে সড়কের পাশে কর্মরত শ্রমিকদের জন্য রাতের দূষণ বেশি উদ্বেগজনক। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে ছয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে পিএম ২.৫ এর সর্বোচ্চ গড় ঘনত্বের সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাবতলীতে রাতের এই পালায় পিএম ২.৫ এর গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে ১৫৮ মাইক্রোগ্রামে পৌঁছায়।

পরিবহন খাতের কর্মপরিবেশ মূল্যায়নেও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

গবেষকরা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএইচএস) স্কোরকার্ড ব্যবহার করে ১০টি বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর জরিপ পরিচালনা করেন। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানকে রেড কার্ড এবং দু’টি প্রতিষ্ঠানকে ইয়েলো কার্ড দেয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানই গ্রিন ক্যাটাগরিতে স্থান পায়নি।

গবেষণার ফলাফলের ভিত্তিতে ঢাকার ভয়াবহ যানবাহনজনিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং যাত্রী, পরিবহন শ্রমিক ও নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ক্যাপস ও ক্যাব পাঁচটি সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।

তারা নির্গমন মানদণ্ড পূরণে ব্যর্থ পুরোনো ডিজেলচালিত বাস ও ভারী ট্রাক পর্যায়ক্রমে চলাচলের বাইরে নেয়ার সুপারিশ করেছে। পাশাপাশি বাধ্যতামূলকভাবে প্রতি বছর যানবাহনের ফিটনেস ও নির্গমন পরীক্ষা, ডিজিটাল প্রযুক্তিনির্ভর সড়ক পাশের পরীক্ষাকেন্দ্র স্থাপন এবং ধীরে ধীরে বৈদ্যুতিক বা সিএনজিচালিত গণপরিবহন চালুর আহ্বান জানিয়েছে।

ধুলাদূষণ কমাতে সংস্থা দু’টি স্বয়ংক্রিয় সড়ক পরিষ্কার ব্যবস্থা চালু এবং গাবতলী ও আবদুল্লাহপুরের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত পানি ছেটানো বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে।

গবেষণায় নির্মাণসামগ্রী পরিবহনে ঢাকনাযুক্ত যানবাহন ব্যবহারের বিধান কঠোরভাবে বাস্তবায়ন, ভারী আন্তঃজেলা ট্রাকের চলাচল অফ-পিক বা কম যানজটের সময়ে সীমিত রাখা এবং অপ্রয়োজনে যানবাহনের ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকা (আইডলিং) নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া পরিবহন মালিকদের মাধ্যমে ট্রাফিক পুলিশ ও বাসকর্মীদের জন্য অনুমোদিত এন পচাঁনব্বই অথবা কেএন পঁচানব্বই মাস্ক সরবরাহের আহ্বান জানানো হয়েছে। একইসাথে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর দায়িত্ব পরিবর্তন, বায়ু পরিশোধন ব্যবস্থাসম্পন্ন বিশ্রামাগার স্থাপন এবং নিয়মিত দূষণের সংস্পর্শে থাকা শ্রমিকদের বছরে দুবার ফুসফুস ও শ্রবণশক্তি পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।

গবেষণায় খালপাড় ও নতুন বাজারের মতো যানজটপ্রবণ এলাকায় চাপ কমাতে গণপরিবহনের রুট ও করিডোর পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে। শিশুদের নিয়োগ দেওয়া পরিবহন মালিক ও পরিচালকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড মেনে চলার শর্তকে রুট পারমিট প্রদান ও নবায়নের সাথে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া গণপরিবহনের ভেতরে এবং গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে সার্বক্ষণিক বায়ুমান ও শব্দদূষণ পর্যবেক্ষণ সেন্সর স্থাপনের সুপারিশ করা হয়েছে।

এসব ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে, যা দূষণের হটস্পট চিহ্নিত করা, যানবাহন চলাচল ব্যবস্থাপনার উন্নয়ন এবং সময়মতো জনস্বাস্থ্যবিষয়ক সতর্কবার্তা জারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করবে। বাসস