দ্বিপক্ষীয় বৈঠক
চীন ও উজবেকিস্তানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক। নয়া দিগন্ত

জলবায়ু সম্মেলনের মঞ্চকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর তৃতীয় দিনে বুধবার বিশ্বনেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি চীন ও উজবেকিস্তানের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এসব আলোচনায় চীনা বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, রোহিঙ্গা সঙ্কটের সমাধান, আঞ্চলিক যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয় গুরুত্ব পেয়েছে।

Advertisement

দিন শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রেস উইংয়ের সদস্যরা প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচি ও বৈঠকের বিষয়গুলো তুলে ধরেন। গতকাল স্থানীয় সময় রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বনেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎগুলো ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন দেশের নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ও উঠে আসে।

গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

১১ দেশের প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাৎ

উদ্বোধনী অধিবেশনের আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া, মলদোভা, পাকিস্তান, কুয়েত ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সাথে তার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। এ ছাড়া ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধির সাথেও কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, এসব সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বিশ্বনেতারা। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী; তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন ও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ জানান।

পাকিস্তানের প্রতিনিধির সাথে আঞ্চলিক পরিস্থিতি, স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে আলোচনা হয়। ওআইসি মহাসচিবের সাথে আলোচনায় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।

উজবেকিস্তানের সাথে বাণিজ্য ও যোগাযোগ

কপ-৩১-এর সাইডলাইনে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় আধা ঘণ্টার বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণের আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

চীনের সাথে বিনিয়োগ, জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু

গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের জ্বালানি খাতে চীনা সহযোগিতা, ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ), ভারী শিল্পে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা উঠে আসে। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক করিডোর গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা চলমান ও অনুসন্ধানমূলক পর্যায়ে রয়েছে। সঙ্কটের সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি বহুপক্ষীয় ও বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

কূটনৈতিক বৈঠকের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের দাবিও তুলে ধরছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এ অবস্থায় জলবায়ু তহবিলের অর্থায়ন যেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ায়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন। বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে অনুদান প্রত্যাশা করে। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে কার্যকর সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শামা ওবায়েদ জানান, গ্রিন ইকোনমি ও গ্রিন এনার্জির প্রসারে সৌরবিদ্যুতের ব্যবহার এবং নদী খননসহ সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় প্রধানমন্ত্রীর বক্তব্যে তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও কার্যক্রম আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।