ডিএমপি, নিরাপত্তা জোরদার
নগরজুড়ে চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইউএনবি

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পর নিরাপত্তা জোরদার করতে নগরজুড়ে চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Advertisement

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) আকতার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ডিসি আকতার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও সড়কে চলাচলকারী যানবাহনের সুরক্ষায় এসব ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্রও যাচাই করা হচ্ছে।

এছাড়া সন্দেহজনক চলাচলের ওপরও সতর্ক নজর রাখছে পুলিশ।

ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি আরো জোরদার করা হয়েছে।

আকতার হোসেন জানান, নিরাপত্তা জোরদার কার্যক্রমের লক্ষ্য হলো নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা।

নগরীর সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, জননিরাপত্তা বজায় রাখতে ডিএমপি সব সময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জীবন, সম্পদ ও যানবাহনের সুরক্ষায় পুলিশের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সূত্র : ইউএনবি