মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ মুসলিম হল, এস এম হল, এস এম হল সংস্কার, হলের ঐতিহ্য সংরক্ষণ, এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবন
এস এম হল অ্যালামনাই প্রতিনিধিদলের সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ। সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

বুধবার বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’ এ সময় তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ‘এস এম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করছেন। এ সময় তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।’

হলের সাবেক ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। এজন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময়ে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস