বাংলাদেশ-মালদ্বীপ সামরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, ড. মো. নাজমুল ইসলাম, মেজর জেনারেল ইব্রাহিম হিলমি, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স, সামরিক অভিজ্ঞতা বিনিময়, ভারত মহাসাগরীয় নিরাপত্তা, বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ
মালদ্বীপের প্রতিরক্ষা প্রধানের সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ। সংগৃহীত

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা করেন।

বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয় নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক (মেরিটাইম) সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভূমিকা পালনের বিষয়টি বৈঠকে উঠে আসে।

হাইকমিশন জানায়, ‘এই সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সহযোগিতার ধারা বজায় রাখার ক্ষেত্রে এক নতুন বার্তা বহন করে। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাকে আরো এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।’

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতার পরিধি বাড়াতে এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে বাংলাদেশ হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র : বাসস