জনস্বার্থে সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব কানিজ মওলা। নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কানিজ মওলা বলেছেন, ‘জনস্বার্থে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ, সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নিজের প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে, সচিব কানিজ মওলা প্রথম কার্যদিবসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে, তিনি মোবাইল ফোনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপির সাথে মতবিনিময় করেন।

এরপর, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ১ম-২০তম গ্রেডের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব কানিজ মওলা সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট নিয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

সচিব কানিজ মওলা বলেন, ‘ত্রিপক্ষীয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকে অবশ্যই অংশ নিতে হবে। ট্রাইপার্টইট মিটিং-এ সাধারণত বিরোধ নিষ্পত্তি, নীতি নির্ধারণ ও পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনা হয়। তাই এসব সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ ও যথোপযুক্ত সুপারিশ প্রদানে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।’

কাজের পরিবেশ ও পরচর্চামুক্ত স্বচ্ছ প্রশাসনিক আচরণের ওপর জোর দিয়ে সচিব বলেন, ‘জনস্বার্থে জীবনের সুন্দর মুহূর্তগুলো নিজের কর্মপরিবেশে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অতিবাহিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমি কারো কান কথাকে প্রশ্রয় দেই না। আড়ালে-আবডালে যারা অভিযোগ করে, তারা বেশিরভাগই সত্য এড়িয়ে চলে। আমার বার্তা পরিষ্কার—কাউকে কিছু বলতে হলে সরাসরি বলব, আড়ালে নয়। সত্য কথা সবার সামনে প্রকাশ করাই আমার নীতি।’

সচিব কানিজ মওলা বলেন, ‘আমার দরজা সবার জন্য খোলা। আপনাদের কাছে প্রত্যাশা হলো, জনস্বার্থে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। আমরা রাষ্ট্রের সেবা প্রদান করি এবং এ রাষ্ট্রের মালিক জনগণ। আমি যেমন সেবাদাতা, ঠিক তেমনি অন্য ক্ষেত্রে আমিও সেবাগ্রহীতা। তাই সেবাদাতা ও সেবাগ্রহীতার সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য থাকতে হবে। অফিস চলাকালীন পুরো সময় জনস্বার্থের দিকে খেয়াল রেখে সবাইকে কাজে মনোনিবেশ করতে হবে।’

স্বদেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সচিব বলেন, ‘এ দেশ আমাদের। আমরা নিজ দেশের মতো করে দেশকে ভালোবাসব এবং দেশের উন্নয়নের জন্য কাজ করব। আমাদের স্বদেশপ্রীতি মনোভাব পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।’

অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সামগ্রিক বিষয়াদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সচিবের অবগতির জন্য তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা।

সভায় অতিরিক্ত সচিব মো: মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, যুগ্মসচিব কাজী তোফায়েল হোসেনসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।