
চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩-এর সরকারি দলের সদস্য রাশেদা বেগম হীরার জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় আনীত নোটিশের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অপরিহার্য হয়ে উঠেছে। এর গুরুত্ব কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই। নতুন প্রজন্মকে এআই-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ন্যানোটেকনোলজির ক্রমবর্ধমান ভূমিকা বিবেচনায় সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-চালিত বিভিন্ন টুল, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস সম্পর্কে শিখবে। সপ্তম শ্রেণিতে এআইভিত্তিক সার্চ টুল, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগ অন্তর্ভুক্ত থাকবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং এবং সরকারি ই-সেবা সম্পর্কে জানবে।
নবম ও দশম শ্রেণির শিক্ষাক্রমে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্সের বিকাশ, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস ও ন্যানোটেকনোলজি অন্তর্ভুক্ত করা হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এআইয়ের মৌলিক ধারণা এবং দৈনন্দিন জীবন, শিক্ষা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে শিখবে। পাশাপাশি রোবোটিকস ও ন্যানোটেকনোলজিও পাঠ্যসূচিতে থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, এআই শিক্ষা শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পদ্ধতিই শেখাবে না, বরং এআই থেকে পাওয়া তথ্য কীভাবে মূল্যায়ন, যাচাই ও বাছাই করতে হয়, সে বিষয়েও দক্ষ করে তুলবে।
তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই এবং অনলাইন নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা জরুরি। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সাইবার হামলার হুমকির পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনাও এ ক্ষেত্রে গুরুত্বের বিষয়টি তুলে ধরেছে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, একটি প্রকল্পের আওতায় দেশের নির্বাচিত প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া প্রস্তাবিত ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় এক হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এআই-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিক্ষায় এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
রাশেদা বেগম হীরার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আইসিটি শিক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








