বাংলাদেশ
৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ বসাতে সহায়তা চায় বাংলাদেশ। নয়া দিগন্ত

জ্বালানি আমদানিনির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে দেশে প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে মোট বিনিয়োগের ৮০ শতাংশই আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করতে চায় সরকার।

Advertisement

বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি পরিবারে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়ে বাংলাদেশ এ পরিকল্পনার কথা জানিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এ ঘোষণায় সমর্থন জানায় বাংলাদেশ। কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতুও নতুন করে এ উদ্যোগে যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া এতে সমর্থন জানিয়েছিল।

বৈশ্বিক এ উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। এ জন্য ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, সাশ্রয়ী অর্থায়ন এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

ঘোষণায় সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, মোট বিনিয়োগের ২০ শতাংশ আসবে দেশীয় উৎস থেকে। বাকি ৮০ শতাংশের জন্য প্রয়োজন হবে আন্তর্জাতিক অর্থায়ন। সে হিসাবে দেশের নিজস্ব অর্থায়নে প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে এবং আন্তর্জাতিক সহযোগিতায় বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব বলেন, ছাদগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও অর্থনৈতিক সুযোগের উৎসে পরিণত করতে সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। এ জন্য আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বৈদেশিক মুদ্রার চাপ এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা রয়েছে। এমন বাস্তবতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়, বরং বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমানোরও একটি সম্ভাবনাময় পথ। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন ও আবাসিক স্থাপনার ছাদ কাজে লাগানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে।

ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, সম্প্রতি অফ-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশটির এ অভিজ্ঞতা বাংলাদেশের মতো জ্বালানিসঙ্কটে থাকা দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে।

তিনি বলেন, পাকিস্তানের মতো বাংলাদেশও তীব্র জ্বালানিসঙ্কটের মুখোমুখি। তবে সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে। সৌরবিদ্যুতের জন্য বিশেষ অধ্যাদেশ প্রণয়নের পাশাপাশি কর-সুবিধা, অর্থায়নব্যবস্থা ও বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীপাল বড়ুয়া আরো বলেন, এসব উদ্যোগের ফলে শিল্পকারখানা এবং জাতীয় গ্রিডের বাইরে থাকা পরিবারগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপনের গতি বাড়ছে। পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ও জ্বালানিসঙ্কটে থাকা অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে।

তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয় বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে, এ খাতে টেকসই দেশীয় সরবরাহব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ জনবল গড়ে তোলা জরুরি। একই সাথে বিনিয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

তিনি বলেন, নতুন সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার দেখিয়েছে। বিভিন্ন নীতিগত ও বাস্তবায়নমূলক পদক্ষেপেও এর প্রতিফলন রয়েছে। তবে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। দীর্ঘ মেয়াদে এসব উদ্যোগ আর্থিকভাবে টেকসই নাও হতে পারে।

রাষ্ট্রীয় জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর আর্থিক লোকসান মোকাবিলার ওপরও গুরুত্ব দেন তিনি। পাকিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্বালানি খাতে ভর্তুকি ধীরে ধীরে তুলে দেয়ার পরামর্শ দিয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এতে সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান কমতে পারে। একই সাথে গ্রাহকদের গ্যাস, এলএনজি, ডিজেল ও এলপিজির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি থেকে এ বিদ্যুতের বড় অংশ সরবরাহের সুযোগ রয়েছে।

তাৎক্ষণিক জ্বালানিসঙ্কট মোকাবিলার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে ধীরে ধীরে রূপান্তর এবং ব্যয়বহুল নীতিগত ভুল এড়িয়ে চলাই সরকারের জন্য বড় পরীক্ষা হবে বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১ সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে। দেশটির প্রতি তিনটি বাড়ির একটিতে সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ হার। অন্য দেশগুলোতেও এ অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়াই বৈশ্বিক ঘোষণার অন্যতম লক্ষ্য।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের জলবায়ু অর্থায়ন ও অংশীজন সম্পৃক্ততাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষ সহকারী ইব্রাহিম এ শেলেং বলেন, সৌরবিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগ জ্বালানি স্বনির্ভরতা বাড়াতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং দীর্ঘ মেয়াদে অবকাঠামো ব্যয় কমাতে পারে।

বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় জাতীয়, রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বাড়িতে ব্যাটারি ব্যবহারের প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য সহজ অনুমোদনপ্রক্রিয়া, সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক বিদ্যুৎ গ্রিড, সবার জন্য সমান সুযোগ এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈশ্বিক সৌর কাউন্সিল ও সোলার সিটিজেনস এ ঘোষণায় নতুন দেশগুলোর সমর্থনকে স্বাগত জানিয়েছে। সংস্থা দুটির মতে, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে পরিবারগুলোর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব।

তবে উদীয়মান অর্থনীতির দেশগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে পর্যাপ্ত অর্থায়নের অভাব, দুর্বল বিদ্যুৎ গ্রিড অবকাঠামো এবং দক্ষ জনবলের সংকট বড় বাধা হিসেবে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে ঘোষিত লক্ষ্যমাত্রাকে বাস্তবে রূপ দিতে সরকারের নীতিগত অঙ্গীকারের পাশাপাশি বিনিয়োগ ও বাস্তবায়নের সক্ষমতাই হবে মূল নির্ধারক।