কপ৩১-এ এশিয়া
কপ৩১-এ এশিয়ায় ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান। নয়া দিগন্ত

এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানির প্রসারে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানানো হয়েছে। তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর এক সাইড ইভেন্টে বক্তারা বলেছেন, সবুজ শিল্পায়নের নামে পুরোনো শোষণমূলক উন্নয়ন মডেলের পুনরাবৃত্তি করা যাবে না। জ্বালানি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মানুষের সম্মতি, জীবিকা ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে হবে।

Advertisement

‘দ্য রোল অব চায়না ইন গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সাইড ইভেন্টে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (রিনিউএবলস নাউ) ক্যাম্পেইনের প্রতিনিধি শরীফ জামিল এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীন। প্রযুক্তি ও অর্থায়নের ক্ষেত্রে দেশটির সাথে বাংলাদেশ আরো সহযোগিতা চায়। তবে এ ধরনের সহযোগিতা ও প্রকল্প হতে হবে স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি জ্বালানিসুবিধাবঞ্চিত ও জলবায়ুঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

শরীফ জামিল বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাদের অধিকার, জীবিকা এবং প্রাকৃতিক প্রতিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ভারতের সামাতা এবং মাইনস, মিনারেলস অ্যান্ড পিপল-এর প্রতিনিধি রবি রেবাপ্রগাদা বলেন, সবুজ শিল্পায়নের নামে পুরোনো সম্পদ আহরণ ও শোষণমূলক উন্নয়ন মডেলের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে যেকোনো অংশীদারত্বে স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক সুফল এবং ঝুঁকিতে থাকা মানুষের জন্য ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। একই সাথে স্বাধীন তদারকি ও ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।

ফিলিপাইনের ফিলিপাইন মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের (পিএমসিজে) সমন্বয়ক ইয়ান রিভেরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যয় তুলনামূলক কমে এসেছে। তাই বৃহৎ অবকাঠামোভিত্তিক প্রকল্পের পরিবর্তে ক্ষুদ্র পরিসরের ও স্থানীয় জনগোষ্ঠীনির্ভর প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিশ্বজুড়ে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে চীন নেতৃত্ব দিতে পারে।

সাইড ইভেন্টে চীনের সবুজ শিল্পায়ন উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে উন্নয়ন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের নাগরিক সমাজ এবং জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।