প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট তুরস্কের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়
প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট তুরস্কের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সংগৃহীত

জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ও বিশ্বনেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা: জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি আরো বলেন, সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি আনতালিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল ৪টা ৫ মিনিটে এটি আনতালিয়া বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে, ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ সোমবার আনুষ্ঠানিকভাবে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সাথে তার কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথাও রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব বলেন, এ সফরে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবেলা ও জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

এছাড়া সম্মেলনের ফাঁকে বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সালাহউদ্দিন নোমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে।

এছাড়া সম্মেলনের গ্রিন জোনে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।

সম্মেলনের ফাঁকে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসার নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দু’টি সাইড ইভেন্টের আয়োজন করবে। এসব আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি ও কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের সুযোগের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

১২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি ১৩ নভেম্বর ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইউএনবি