সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নয়া দিগন্ত

সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ক্রিকেট প্রতিযোগিতায় লজিস্টিকস এরিয়া দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, ফাইনাল ম্যাচে সেনাবাহিনী প্রধান কিছু সময় অংশগ্রহণের মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। ওই প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দলের মেজর শরীফুল আহসান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট টেকার, সৈনিক সজীব চন্দ্র দাস সর্বোচ্চ রান স্কোরার, লজিস্টিকস এরিয়া দলের ফাহিম হাওলাদার শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফাইনাল ম্যাচে সৈনিক সোহাগ হাওলাদার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। 

গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, প্রথমবারের মতো সেনাবাহিনী পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল, যা সেনাবাহিনীর ক্রীড়া কার্যক্রমে একটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে মাস্টার জেনারেল অফ দ্য অর্ডিন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর, লজিস্টিকস এরিয়া, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঞ্চলিক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।