বনানী কবরস্থান
বনানী কবরস্থান। সংগৃহীত

ঢাকার বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি একটি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণ করতে দিতে হবে দেড় কোটি টাকা।

Advertisement

কবর সংরক্ষণের প্রবণতা নিরুৎসাহিত করা এবং ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করতে এ ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

লিখিত উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে একটি কবরের জন্য ফি মাত্র ৫০০ টাকা। এ ধরনের কবরের মেয়াদ দুই বছর।

অন্যদিকে, কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর দেয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে যথাক্রমে এক কোটি ও দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, কবর দীর্ঘদিন সংরক্ষণের প্রবণতা কমিয়ে কবরস্থানের জায়গার সঙ্কট রোধ করাই এ ধরনের ফি নির্ধারণের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি নগরীর সব শ্রেণি-পেশার মানুষের জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করতেও এ উদ্যোগ নেয়া হয়েছে।