
জাতীয় সংসদে আজ ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে বিলটি উত্থাপন করেন।
বগুড়া ও এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে এ বিল প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্য-প্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।
এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে এ বিলে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউক)-সহ ইতোমধ্যে গঠিত চারটি উন্নয়ন কর্তৃপক্ষের মতো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।
তিনি বলেন, ক্রমবর্ধমান নগরায়ণের ফলে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য গত ২৩ জুলাই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৬ জুলাই লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে। গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরবর্তী সময়ে বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








