জাতীয় সংসদ, শোক প্রস্তাব
জাতীয় সংসদ। বাসস

চারজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

Advertisement

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরী (সাবেক গণপরিষদ সদস্য), সাবেক সংসদ-সদস্য সালাহউদ্দিন আহমেদ, সাবেক সংসদ-সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আব্দুল হাই এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

সূত্র : বাসস