জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের সূচনাপর্বে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের সূচনাপর্বে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, প্রকৃত উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য। সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের সূচনাপর্বে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

স্পিকার বলেন, ‘গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’ দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অন্যায়, নিপীড়ন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে গণতন্ত্রের পথে নতুন যাত্রার সূচনা করেছে।

স্পিকার বলেন, জাতীয় সংসদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান জানানো, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষা করা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীলভাবে মতামত প্রকাশের মধ্যেই সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি নিহিত।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। স্বাধীনতার সংগ্রাম— ত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

স্পিকার ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের প্রত্যাশাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো— ভিন্নমত ও ভিন্ন দৃষ্টিভঙ্গির সহাবস্থান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া।

সংসদের সব কার্যক্রমে প্রত্যেক সংসদ সদস্য সংসদীয় শিষ্টাচার, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মহান আল্লাহর কাছে বাংলাদেশের স্বাধীনতা, শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে অব্যাহত অগ্রগতি কামনা করেন স্পিকার। একইসাথে সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব পালনে শক্তি ও প্রজ্ঞা কামনা করেন তিনি।

পরে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।